স্টফ রিপোর্টার ॥
ভোলা সুইমিং পুলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩'টায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এ সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অ.দা.) এ কে এম সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিবা মানবতার দুয়ারের নির্বাহী পরিচালক মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ছাপাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাঁতার প্রশিক্ষক সার্জেন্ট (অব.) আব্দুল মমিন। প্রশিক্ষণ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ২০০ জন শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে ৪০ জনকে মাসব্যাপী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। প্রশিক্ষণার্থীদের চিৎ সাঁতার, প্রজাপতি সাঁতার, মুক্ত সাঁতার ও বুক সাঁতার-এই চারটি পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবন গঠন এবং মানসিক বিকাশে সাঁতার শেখার কোনো বিকল্প নেই। সাঁতার শুধু একটি জলক্রীড়াই নয়, বরং জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা। নিয়মিত সাঁতার চর্চার মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি শারীরিক সক্ষমতাও বৃদ্ধি পায়। তারা বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলা একটি নদীমাতৃক জেলা হওয়ায় এখানকার প্রতিটি শিশু-কিশোর ও শিক্ষার্থীকে সাঁতার প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন। জেলায় সুইমিং পুল কমপ্লেক্স থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে সাঁতার শেখার প্রতি সবাইকে উৎসাহিত করতে হবে। বক্তারা জানান, শিক্ষার্থীরা চাইলে ভোলা গজনবী স্টেডিয়ামে প্রতি শুক্র ও শনিবার বিকেলে বিনামূল্যে কারাতে প্রশিক্ষণে অংশ নিতে পারবে।
উল্লেখ্য, ভোলা সুইমিং পুলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ১ হাজার টাকার বিনিময়ে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।
মন্তব্যসমূহ (Facebook Comments)
মন্তব্য নীতিমালা