সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ছিল দ্বীপজেলা ভোলা। '১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ছিল দ্বীপজেলা ভোলা। '১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
ছবি: দৈনিক ভোলা জার্নাল

নিজস্ব প্রতিবেদক।।

৫৬ বছরেও কাটেনি আতঙ্ক, সুরক্ষার দাবী ভোলাবাসীর। ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে ভোলায় স্বরনসভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর উপকূলের মানুষের কাছে দিনটি কেবল একটি তারিখ নয়, স্বজন হারানোর এক বেদনাবিধুর ইতিহাস। ১৯৭০ সালের এই দিনে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় জনপদ। প্রাণ হারান ভোলার ৫ লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দ্বীপজেলা ভোলা। ঘরবাড়ি, গাছপালা ও গবাদিপশুর সঙ্গে ভেসে যায় অসংখ্য মানুষের জীবন। স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন হাজার হাজার পরিবার। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) স্বীকৃতি অনুযায়ী, ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়। ১২ থেকে ১৩ নভেম্বর আঘাত হানা এ দুর্যোগে প্রাণহানির সংখ্যা আনুমানিক তিন লাখ থেকে পাঁচ লাখ। সরকারি ও বেসরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা নিয়ে ভিন্নতা থাকলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার অন্যতম ছিল ভোলা। 

দিবসটি স্মরণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্মরণ সভায় স্মৃতি চারণ করে বক্তারা বলেন সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে ফেরে বেঁচে থাকা মানুষদের। ১৯৭০ সালের ১২ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের র্বতমান বাংলাদশের দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে আঘাত হানে ঘূর্ণঝড়টি। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে বড় প্রাকৃতকি দুূর্যোগ বলে বিবেচিত। সরকারি হিসেবে এ ঝড়ের তান্ডবে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারানোর কথা বলা হলেও বেসরকারি হিসেবে ১০ লাখের বেশি মানুষ প্রাণ হারান।

সেই দিনের স্মৃতি বয়ে আজও যারা বেঁচে রয়েছেন, কিংবা স্বজনদের হারিয়েছেন, কেবল তারাই অনুভব করেন, সেদিনের ভয়াবহতার কথা। কাফনের কাপড়ের অভাবে কোথাও কলাপাতা কিংবা ছালার চটে মুড়িয়ে মরদেহ দাফন করতে হয়েছে। একটি কবরে সমাহিত করা হয়েছে একাধিক মানুষকে। ভোলার বাতাসে ছিলো মরদেহের গন্ধ। এমনিভাবে মহকুমা ভোলার মনপুরা, চরফ্যাশন, লালমোহন, তজুমুদ্দিন ও দৌলতখানসহ সমগ্র এলাকার মৃত গবাদিপশু আর মানুষের মরদেহ বঙ্গোপসাগরের উত্তাল পানিতে ভেসে গেছে। প্রায় জনশূন্য হয়ে পড়েছিল দ্বীপাঞ্চল ভোলা। যারা বেঁচেছিলেন, তাদের অধিকাংশ ১৫ থেকে ৪৯ বছরের পুরুষ ছিল। অপরদিকে, মৃত্যুর মধ্যে ৫০% শিশু (১০ বছরের কম) ছিল বেশী।

মনপুরার রাজনীতিবিদ কামাল চৌধুরীর স্মৃতিতে সেই রাতের ভয়াবহতা স্পষ্ট। তার ভাষ্য অনুযায়ী, তখন মনপুরায় প্রায় ৩৬ হাজার মানুষের বসবাস ছিল। ঘূর্ণিঝড়ের পর বেঁচে ছিলেন মাত্র সাড়ে ১১ থেকে ১২ হাজার মানুষ। বহু পরিবার থেকে একাধিক সদস্য প্রাণ হারান। দুর্যোগের পর বেঁচে যাওয়া মানুষের খাবারের ব্যবস্থা করতে খুলতে হয়েছিল লঙ্গরখানা। ১৯৭০ সালের সেই ভয়াল রাত শুধু মানুষের জীবন কেড়ে নেয়নি, বদলে দিয়েছিল উপকূলের ভূগোলও। তবে ৫৬ বছরে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ অনেক এগিয়েছে। গড়ে উঠেছে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, চালু হয়েছে আগাম সতর্কবার্তা ব্যবস্থা, তৈরি হয়েছে স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক। বেড়েছে উদ্ধার ও ত্রাণ তৎপরতার সক্ষমতা। ফলে আগের তুলনায় ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঝুঁকি অনেক কমেছে। কিন্তু উপকূলের সব এলাকার নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়ন। একসময় মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এ দ্বীপ ছিল সম্ভাবনাময় জনপদ। প্রায় ৩১ দশমিক ৩১ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটিতে ছিল হাজারো মানুষের বসতি। ছিল হাটবাজার, দোতলা স্কুল, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ ভবন ও রেস্ট হাউস। কিন্তু নদীভাঙনে একে একে বিলীন হয়েছে এসব স্থাপনা। হারিয়ে গেছে মানুষের বসতভিটা, ফসলি জমি ও জীবিকার ঠিকানা।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে নদীভাঙনে দ্বীপটির প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা বিলীন হয়েছে। বর্তমানে টিকে আছে আনুমানিক ১১ বর্গকিলোমিটার। অর্থাৎ অর্ধেকের বেশি ভূখণ্ড হারিয়েছে ঢালচর। প্রতিনিয়ত বদলে যাচ্ছে দ্বীপটির মানচিত্র। ভাঙনের সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষের কাছে প্রতিটি জোয়ারই নতুন শঙ্কা। স্থানীয়দের হিসাবে, বর্তমানে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস এ জনপদে। অথচ ঝুঁকিপূর্ণ এই দ্বীপে নেই স্থায়ী ও টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রেরও সংকট রয়েছে। ফলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিংবা অস্বাভাবিক জোয়ারের খবর পেলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ে যাওয়া, যাতায়াত এবং গবাদিপশু রক্ষার চিন্তায় দুর্যোগের সময় বাড়ে মানুষের দুর্ভোগ। শুধু ঢালচর নয়, ভোলার সামগ্রিক উপকূলীয় নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলায় মোট বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ৩৫১ কিলোমিটার। এর মধ্যে স্থায়ী বাঁধের দৈর্ঘ্য মাত্র ৪৯ দশমিক ৬৬ কিলোমিটার। বর্তমানে ৯০ কিলোমিটার বাঁধের পুনর্বাসন কাজ চলমান রয়েছে। এখনো অরক্ষিত রয়েছে ২১১ দশমিক ৩৪ কিলোমিটার বাঁধ। পানি উন্নয়ন বোর্ড, ভোলা ডিভিশন-১-এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, ভোলার মূল ভূখণ্ড রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। তবে বিচ্ছিন্ন দ্বীপ ও চরাঞ্চলের সব বাঁধ টেকসই করতে প্রয়োজনীয় বরাদ্দের সীমাবদ্ধতা রয়েছে। ঝুঁকি ও অগ্রাধিকার বিবেচনায় পর্যায়ক্রমে সিসি ব্লক দিয়ে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের পরিকল্পনা রয়েছে।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আগের তুলনায় দুর্যোগ মোকাবিলায় উপকূলের সক্ষমতা বেড়েছে। আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক ও উদ্ধার কার্যক্রমের মাধ্যমে মানুষকে নিরাপদ রাখার চেষ্টা চলছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো অগ্রাধিকার ভিত্তিতে টেকসই করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গম চরাঞ্চলে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও বাড়ানোর উদ্যোগ রয়েছে। জেলা প্রশাসন বলছে, বিশাল উপকূলীয় জনগোষ্ঠীর জানমাল রক্ষায় প্রয়োজন বিপুল অর্থ ও সমন্বিত উদ্যোগ। সীমিত সম্পদের মধ্যেও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে কাজ চলছে। ঢালচর, কুকরি-মুকরি ও চর নিজামের মতো দুর্গম এলাকার মানুষকে দুর্যোগের সময় দ্রুত উদ্ধারে চারটি স্পিডবোট বরাদ্দ চাওয়া হয়েছে। যেসব চরে আশ্রয়কেন্দ্র নেই, সেসব এলাকায় নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু বলেন, ৫৬ বছর পেরিয়ে গেলেও ভোলার উপকূলীয় মানুষ পুরোপুরি নিরাপদ নয়। জেলার প্রায় সাড়ে ৩৫০ কিলোমিটার বাঁধের অধিকাংশই ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনের তুলনায় নিচু। ঢালচর, কলাতলীর চর ও চর নিজামের মতো বিচ্ছিন্ন জনপদে বসবাসরত মানুষের নিরাপত্তায় কার্যকর ও টেকসই সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। এসব এলাকায় দ্রুত বাঁধ নির্মাণ, ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার এবং পর্যাপ্ত মাটির কেল্লা নির্মাণ জরুরি।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী,”ভোলা সাইক্লোন” পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম প্রাণঘাতী একটি ঘূর্ণিঝড়। ১৯৭০ সালের সেই রাতে উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ভয়াল “ভোলা” সাইক্লোন বা গোর্কি। ১৯৭০ সালের সেই ভয়াল ১২ নভেম্বরের পর কেটে গেছে ৫৬ বছর। বদলেছে সময়, বেড়েছে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা। কিন্তু ভোলার ঢালচরের মানুষের কাছে নিরাপত্তা এখনো অধরা। সেদিন জলোচ্ছ্বাসে কেড়ে নিয়েছিল মানুষের জীবন, আর আজ নদীভাঙনে ক্রমেই সংকুচিত হচ্ছে তাদের বসবাসের ভূখণ্ড। স্বজন হারানোর শোক পেরিয়ে এবার নিজেদের অস্তিত্ব হারানোর শঙ্কায় দিন কাটছে উপকূলের মানুষের। ৫৬ বছর পেরিয়ে গেলেও সেই ভয়াল রাতের স্মৃতি ভুলতে পারেননি বেঁচে থাকা মানুষগুলো। প্রতিবছর ১২ নভেম্বর ফিরে আসে স্বজন হারানোর বেদনা। একই সঙ্গে নতুন করে জাগে আরেকটি আশঙ্কা—আবারও যদি এমন দুর্যোগ আঘাত হানে, তাহলে কতটা নিরাপদ উপকূলের মানুষ/

১৯৭০ সালের সেই ভয়াল রাতের পুনরাবৃত্তি কেউ চায় না। তবে স্মৃতির ক্ষত শুধু শোকসভা কিংবা স্মরণে সীমাবদ্ধ না রেখে উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত জোরদার, ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ, শক্তিশালী বেড়িবাঁধ, কার্যকর আগাম সতর্কবার্তা ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করাই ভুক্তভোগী স্থানীয়দের দাবী।

দিবসটি স্মরণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার, সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম খান, ভোলা জেলার সিনিয়র সাংবাদিক ও আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন, সাবেক অধ্যক্ষ ফারুকুর রহমান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সোপান, এনামুল হক বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।