ভোলায় পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)'কে ছাত্রলীগ নেতার হুমকি, ভাইরাল অডিও রেকর্ড

ভোলায় পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)'কে ছাত্রলীগ নেতার হুমকি, ভাইরাল অডিও রেকর্ড
ছবি: দৈনিক ভোলা জার্নাল

নিজস্ব প্রতিবেদক//

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘট কর্মসূচিতে কোনো ধরনের পুলিশি বাধা না দিতে ভোলার দৌলতখান থানার ওসি মো. ফখরুল ইসলামকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতা ও ওসির মধ্যে কথোপকথনের ১ মিনিট ২ সেকেন্ডের একটি রেকর্ড ছড়িয়ে পড়ে। অভিযুক্ত নেতার নাম নবী নেওয়াজ আকাশ। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দৌলতখান পৌরসভা শাখার সাবেক সভাপতি। তার বিরুদ্ধে দৌলতখান থানায় তিনটি ও ভোলা সদর মডেল থানায় একটিসহ মোট চারটি নাশকতা ও চাঁদাবাজির মামলা রয়েছে।

ভাইরাল অডিও রেকর্ডে সাবেক মেয়রের ছেলে ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নবী নেওয়াজ আকাশকে ওসির উদ্দেশে বলতে শোনা যায়, ‘কালো রাতে দেখছিলাম এ রকম, স্যার। আপনি দৌলতখানে এ রকম করছেন কেন? ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেবেন না? দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমার দাদা। আমরা কিন্তু দৌলতখানে আসব, আপনি দৌলতখানের অতিথি। আমাদের শান্তিতে থাকতে দেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তাকে আরও বলতে শোনা যায়, ‘আপনাদের ভাইদের (পুলিশ) হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল, স্যার। এ সময় কথোপকথনের অপর প্রান্ত থেকে ওসি ফখরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘কে কে নির্দেশ দিয়েছে, আপনি খোঁজ নেন।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, গতকাল রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় আমাদের নিয়মিত টহল চলছিল। রাত আনুমানিক ১১টার দিকে সৌদি আরবের একটি মোবাইল নম্বর থেকে হঠাৎ আমার সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে কল আসে। আমি ফোন রিসিভ করার পরপরই সে নিজের নাম বলে এবং নানা কথা বলে হুমকি দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।