সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে : সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে : সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ
ছবি: দৈনিক ভোলা জার্নাল

নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এর অংশ হিসেবে বর্তমানে সারা দেশে তথ্য সংগ্রহের কাজ চলছে। তিনি বলেন, প্রতি পাঁচ সদস্যের পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে এই কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে পাওয়া অর্থ নারীরা শুধু পারিবারিক খরচ ও সন্তানদের লেখাপড়ায় নয়, বসতবাড়ির আঙিনায় কৃষিকাজ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতেও কাজে লাগাতে পারবেন।

আজ জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় নারী ও শিশুবিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার রক্ষা, ফ্যামিলি কার্ড ও নারী-শিশুদের টেকসই উন্নয়নসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। জাহিদ হোসেন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নারী অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ দিচ্ছেন। এটি বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক নারী উন্নয়ন নীতিরই প্রতিফলন। তিনি আরও জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ভাতার আওতা বাড়ানো হচ্ছে। তাদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার জন্য বিভিন্ন ভবনে র‌্যাম্প বসানো হচ্ছে। ওয়াশরুমগুলোও তাদের ব্যবহারের উপযোগী করে নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাক্ষাৎকালে ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন/ আগামী ২৫ নভেম্বর ঢাকায় ফরাসি দূতাবাসে ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) উদ্যোগে ‘ফেমিনিস্ট ফরেন পলিসি প্লাস (এফএফপি+) লোকাল গ্রুপ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। লৈঙ্গিক সমতা ও নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত এই গ্রুপে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, মরক্কো, নেপাল, স্পেন ও যুক্তরাজ্যের মতো দেশ। এই অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত মন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।