যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের বিশাল পরাজয়কে দেশের জন্য ‘ইতিহাসের এক বিশাল ধাপ পিছিয়ে যাওয়া’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিপর্যয় কাটিয়ে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার ঘোষণা দিয়েছেন তিনি। গত মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটিক পার্টি। কয়েক দশক ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতেও এবার ট্রাম্পের দল ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে আমেরিকা ইতিহাসে এক বিশাল ধাপ পিছিয়ে গেছে। তিনি দাবি করেন, তার শাসনামলে শেয়ারবাজারের যে উন্নতি হয়েছিল, নির্বাচনের পর তা ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে সমর্থকদের আশ্বস্ত করে তিনি আরও লেখেন, ‘ভয় পাবেন না, আমরা আগের চেয়েও অনেক বেশি ও শক্তিশালী হয়ে ফিরে আসব! নির্বাচনে হারের পর রিপাবলিকান আইনপ্রণেতারা যখন হতাশায় ভুগছেন, তখন ট্রাম্প বেশ মারমুখী অবস্থান নিয়েছেন। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত হিসেবে গত শুক্রবার তিনি তার কট্টরপন্থী উপদেষ্টা স্টিফেন মিলারকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন।
অন্যদিকে, ডেমোক্র্যাটরা জানিয়েছে, তারা ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির আওতায় আনতে বদ্ধপরিকর। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির মূল কারিগর মিলারের বিরুদ্ধে ‘প্রতিটি পদক্ষেপে’ লড়াই চালিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।
মন্তব্যসমূহ (Facebook Comments)
মন্তব্য নীতিমালা