নিজস্ব প্রতিবেদক, ভোলা।
মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে ভোলার জনপদ, বসতভিটা ও কৃষিজমি রক্ষায় নতুন করে একাধিক উন্নয়নকাজের দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ভোলা সদর ও দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকায় নদীতীর সংরক্ষণ, বেড়িবাঁধ পুনঃআকৃতিকরণ এবং বাঁধের ঢাল সংরক্ষণের লক্ষ্যে মোট ৯টি প্যাকেজে এসব দরপত্র আহ্বান করা হয়েছে।
সরকারি ক্রয়সংক্রান্ত ই-জিপি (e-GP) পোর্টালে প্রকাশিত দরপত্রের তথ্য অনুযায়ী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন পাউবোর ভোলা পওর বিভাগ-১ এসব দরপত্র আহ্বান করেছে। দরপত্রগুলোতে অংশগ্রহণের জন্য দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ইং।
দরপত্রের কার্যপরিধি অনুযায়ী, ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় চলমান প্রকল্পের আওতায় পোল্ডার নং ৫৬/৫৭-এর ২.০০০ কিলোমিটার থেকে ৩.০০০ কিলোমিটার পর্যন্ত এক কিলোমিটার বেড়িবাঁধ পুনঃআকৃতিকরণ ও ঢাল সংরক্ষণের অবশিষ্ট কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ভোলা সদর ও দৌলতখান উপজেলা সংলগ্ন শিবপুর, ধনিয়া ও মেধুয়া এলাকার বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশে নদীতীর সংরক্ষণ, বেড়িবাঁধ পুনঃআকৃতিকরণ এবং বাঁধের ঢাল সংরক্ষণের কাজ সহ ভেদুরিয়া ও ইলিশা ইউনিয়নে নদীতীরবর্তী এলাকার উন্নয়নকাজ পাউবি'র দরপত্রের আওতাভুক্ত করা হয়েছে। বিশেষ করে পোল্ডার নং ৫৬/৫৭-এর বিভিন্ন অংশে নদীভাঙন প্রতিরোধ ও বিদ্যমান প্রতিরক্ষা অবকাঠামো টেকসই করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ই-জিপি পোর্টালে প্রকাশিত দরপত্রের তালিকায় শিবপুর ও ধনিয়া ইউনিয়ন এলাকার পোল্ডার নং ৫৬/৫৭-এর সংস্কার ও সংরক্ষণকাজের একটি দরপত্রের আইডি ১৩৭৯৬২০।
অন্যদিকে, ১৩.৫০০ কিলোমিটার থেকে ১৮.১০০ কিলোমিটারের মধ্যবর্তী বিভিন্ন খণ্ডে নদীতীর ও বেড়িবাঁধ সংরক্ষণের জন্য ১৩৭৩২৯৮ থেকে ১৩৭৩৩০৪ পর্যন্ত একাধিক দরপত্র আইডি পাওয়া গেছে। এসব দরপত্র উন্মুক্ত দরপত্র পদ্ধতি (OTM) অনুসরণ করে আহ্বান করা হয়েছে। এছারাও সম্প্রতি ভোলা সদরে নদীতীরবর্তী এলাকাসমূহের বিভিন্ন উন্নয়নকাজের জন্য আরো বেশকিছু প্যাকেজ অনুযায়ী পাউবি 'র দরপত্র আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
এদিকে, নতুন করে আহ্বান করা দরপত্রগুলোর প্রাক্কলিত ব্যয়, প্যাকেজভিত্তিক বরাদ্দ এবং সম্মিলিত সরকারি ব্যয়ের পরিমাণ সম্পর্কে প্রাথমিক বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য দৃশ্যমান না হওয়ায় বিষয়টি নিয়ে স্বচ্ছ তথ্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তবে উল্লেখ্য, দরপত্র বিজ্ঞপ্তিতে ব্যয়ের তথ্য না থাকা মানেই ই-জিপির বিস্তারিত দরপত্র দলিল বা সংশ্লিষ্ট দাপ্তরিক নথিতে তা অনুপস্থিত—এমনটি নয়। প্যাকেজভিত্তিক প্রাক্কলিত ব্যয়, অর্থের উৎস, কাজের পরিমাণ, নির্ধারিত মেয়াদ, কার্যাদেশ প্রদানের সম্ভাব্য সময় এবং বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ করা হলে প্রকল্পগুলোর আর্থিক ও বাস্তবায়নসংক্রান্ত চিত্র আরও পরিষ্কার হবে।
মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ভোলা সদর ও পার্শ্ববর্তী এলাকার নদীতীরবর্তী জনপদ দীর্ঘদিন ধরেই ঝুঁকির মধ্যে রয়েছে। নদীভাঙনে বসতভিটা, ফসলি জমি, স্থানীয় সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ অবস্থায় নতুন দরপত্র আহ্বানের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে শুধু দরপত্র আহ্বান নয়, নির্ধারিত সময়ে দরপত্র মূল্যায়ন, যোগ্য ঠিকাদার নির্বাচন, কার্যাদেশ প্রদান এবং প্রকল্পের কাজ যথাযথ মান ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভোলার সচেতন নাগরিকরা।।
স্থানীয়দের প্রত্যাশা, পাউবো ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করবে এবং প্রকল্পের অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখবে। এতে মেঘনা নদীর ভাঙনঝুঁকি কমার পাশাপাশি ভোলার জনপদ ও কৃষিজমি দীর্ঘমেয়াদে সুরক্ষিত হবে এবং সরকারি অর্থের ব্যবহার ও প্রকল্পের বাস্তবায়নও নজরদারির আওতায় আসবে বলে মনে করেন ভোলা সদর উপজেলার বাসিন্দারা। (পর্ব-১)
মন্তব্যসমূহ (Facebook Comments)
মন্তব্য নীতিমালাফেসবুক কমেন্ট প্লাগইন লোড হতে পারেনি
আপনার ব্রাউজারের অ্যাডব্লকার (Adblocker) বা ট্র্যাকিং প্রটেকশন সক্রিয় থাকার কারণে ফেসবুক স্ক্রিপ্ট ব্লক হয়ে থাকতে পারে।