ভোলা প্রতিনিধি:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে উপকূলীয় জেলা ভোলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
মেলা প্রাঙ্গণে মোট ২১টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, হাঁস-মুরগিসহ নানা বৈচিত্র্যময় প্রাণি প্রদর্শনের পাশাপাশি স্থান পেয়েছে নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশবান্ধব খামার প্রযুক্তি ও প্রাণিসম্পদজাত হরেক রকমের পণ্য।
মেলায় দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রামীণ জন উন্নয়ন সংস্থা’র এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের স্টলটি। তাদের স্টলে মাশরুম ও মাশরুমের তৈরি নানা সুস্বাদু ‘রেডি-টু-ইট’ খাবারের পাশাপাশি প্রদর্শিত হচ্ছে দুই স্তরবিশিষ্ট দেশি মুরগির খাঁচা, মাচা পদ্ধতিতে হাঁস পালন, ভার্মি কম্পোস্ট এবং অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ ডিম উৎপাদনের আধুনিক কৌশল।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর এবং পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুন্নবী, জেলা খামারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরুজ আলম টিমন এবং স্থানীয় খামারি বিপ্লব তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, এই মেলার মাধ্যমে খামারিরা যেমন আধুনিক প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদনের সাথে পরিচিত হতে পারছেন, তেমনি জেলায় প্রাণিসম্পদ খাতের বিকাশ ও উদ্যোক্তা তৈরিতে এটি বড় ভূমিকা রাখবে।
মন্তব্যসমূহ (Facebook Comments)
মন্তব্য নীতিমালাফেসবুক কমেন্ট প্লাগইন লোড হতে পারেনি
আপনার ব্রাউজারের অ্যাডব্লকার (Adblocker) বা ট্র্যাকিং প্রটেকশন সক্রিয় থাকার কারণে ফেসবুক স্ক্রিপ্ট ব্লক হয়ে থাকতে পারে।