আল-আমিন, ভোলা জার্নাল।।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভোলা জেলা সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজিবুল্লাহ সরকার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ভোলা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, ভোলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা মো. গোলাম মোর্শেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
সম্মেলনে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মালিক-শ্রমিকের মধ্যে ন্যায়ভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ শ্রমবান্ধব সমাজ গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমিকদের ঘাম ও শ্রমে দেশের উন্নয়নের চাকা সচল থাকলেও আজও অনেক শ্রমিক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সময়মতো বেতন-ভাতা প্রদান এবং কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের নৈতিক দায়িত্ব।
পরে তারা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব নূরুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাওলানা মো. আনোয়ার হোসেন এবং সেক্রেটারি হিসেবে মাওলানা ইব্রাহিম আল মাহমুদকে মনোনীত করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মন্তব্যসমূহ (Facebook Comments)
মন্তব্য নীতিমালা